নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর খিলগাঁও থানাধীন ডেমরা–রামপুরা মহাসড়কের মস্তমাঝি মোড়ে গড়ে উঠেছে তেলচোরদের নিরাপদ আস্তানা। রাত নামলেই সক্রিয় হয় এই চক্র। বিভিন্ন ট্রাক ও কাভার্ডভ্যান থেকে চোরাই তেল সংগ্রহ করে তারা বিক্রি করে শহরের বিভিন্ন স্থানে।
অনুসন্ধানে জানা গেছে, চক্রটির নেতৃত্ব দিচ্ছে কুখ্যাত তেলচোর মো. সুজন। স্থানীয়ভাবে পরিচিত এই ব্যক্তি বর্তমানে পরিচালনা করছেন একটি চোরাই গ্যারেজ ও তেল সংগ্রহের জন্য ব্যবহৃত একটি গাড়ি। গাড়িটির নম্বরপ্লেটও নকল বলে জানা গেছে।
চক্রের অন্যতম সদস্য রিয়াজ,যিনি নিজের স্ত্রী সুমির নামে একটি পিকআপ ক্রয় করেন, এবং সেটিই ব্যবহার করা হয় তেলচুরির কাজে। বের হওয়ার আগে তারা নিয়মিত ইয়াবা সেবন করে বলে স্থানীয় সূত্রের দাবি।
আইন-শৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, রিয়াজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। একাধিকবার ডিবি ও থানা পুলিশ তাকে গ্রেপ্তারও করেছিল। তবে চোরচক্রের মূল হোতা সুজন “পুলিশের ইনফর্মার”পরিচয়ে বহাল তবিয়তে রয়েছেন।
ভুক্তভোগী গাড়িচালক মো. কবির জানান, রাত হলেই গাড়ির ড্রাইভাররা ঘুমালে এরা টাংকির মুখ খুলে মটরের মাধ্যমে তেল তুলে নিয়ে যায়। সকালে দেখা যায় ট্যাংকি খালি। নিজের পকেট থেকে ভর্তুকি দিয়ে তেল ভরতে হয়,পুলিশকে বলেও লাভ হয় না।”
তিনি আরও বলেন,পুলিশ প্রশাসন যদি চোরচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে আমরা আর এই দুর্ভোগে পড়তাম না।”
অভিযুক্ত সুজনকে ফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন,আমি এখন ব্যবসা করি। রিয়াজ আমার গ্যারেজে গাড়ি রাখে, আমি শুধু তেল কিনে রাখি।
তবে প্রতিবেদকের সঙ্গে যোগাযোগের পর সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন তিনি এবং একাধিক লোক দিয়ে যোগাযোগের চেষ্টা চালান খবরটি বন্ধ রাখার জন্য।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দাউদ হোসেন বলেন,আমি আপনার কাছ থেকে বিষয়টি জানলাম। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


