নিজস্ব প্রতিবেদক।। ডিলারশিপ প্রদান ও চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎকারী চক্রের মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন (৫২) নামের এক মূল হোতাকে গ্রেপ্তার করেছে সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগ।
গত মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত কর্মী ও ডিলারশিপ নিয়োগের জন্য ভুক্তভোগীদের নাম ও ছবিসংবলিত আবেদনপত্র, কর্মী নিয়োগের ছবিসহ জীবনবৃত্তান্ত, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিভিন্ন পরিচয়সংবলিত ভিজিটিং কার্ড, পণ্যের ভুয়া মূল্য তালিকা, কম্পানির পণ্যের নমুনা এবং প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করা হয়।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এসব তথ্য জানায়।
প্রতারণার কৌশলের বিষয়ে সিআইডি জানায়, বিভিন্ন ভুক্তভোগী ব্যক্তির অভিযোগ ও সিআইডির প্রাথমিক তদন্তে উঠে আসে, গ্রেপ্তার ব্যক্তি ভুয়া কনজুমারস ফুড প্রডাক্টস কম্পানির নামে ডিলারশিপ প্রদান ও চাকরির প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। প্রতারণার কৌশল হিসেবে তিনি প্রথমে বিভিন্ন জায়গায় সুন্দর পরিপাটি অফিস ভাড়া নিতেন এবং সেখানে বিভিন্ন কনজুমারস প্রডাক্টস মজুদ করতেন। এ জন্য প্রথমে তিনি স্থানীয় খোলা বাজার থেকে ভালো গুণসম্পন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য (যেমন, চিনি, ডাল ইত্যাদি) ক্রয় করতেন এবং সেগুলো ভুয়া নামীয় মোড়কে প্যাকেটজাত করে বাজার দর থেকে তুলনামূলক কম দামে পাইকারি ক্রেতাদের কাছে বিক্রয় করার জন্য বিজ্ঞাপন দিতেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও লিফলেট বিতরণ ও অন্যান্য মিডিয়াতে ডিলারশিপের বিজ্ঞাপন প্রচার করে ক্রেতাদের আকৃষ্ট করতেন।
আকৃষ্ট ক্রেতারা ডিলারশিপ নেওয়ার আগ্রহ করলে প্রথমে তিনি বাজার দর থেকে কম মূল্যে পণ্য সরবরাহ করতেন। এভাবে কিছুদিন মালামাল সরবরাহ করে বিশ্বাস অর্জন করার পরে আরো বড় ও সাশ্রয়ী অফার দিয়ে ডিলারদের কাছ থেকে বড় অঙ্কের টাকা সংগ্রহ করে পণ্য না দিয়েই তিনি অফিস বন্ধ করে দিতেন।


